হাদির মৃত্যুর প্রতিবাদে ধানমন্ডি ৩২ ভেঙে ফেলছে বিক্ষুব্ধ জনতা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালেই বুলডোজার আনা হয় এবং কিছু সময়ের মধ্যেই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে।
চলতি বছরের ৬ ফেব্রুয়ারি প্রথম দফায় এই বাড়িটি ভাঙা হয়েছিল। এরপর দ্বিতীয় দফায় আংশিক ভাঙচুর হয়। বৃহস্পতিবার রাতে তৃতীয় দফায় বিক্ষুব্ধ জনতা বাড়িটি ভেঙে ফেলছে।
বিক্ষোভকারীরা বলছেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগ সরাসরি জড়িত। হাদির হত্যার প্রতিবাদ হিসেবেই ধানমন্ডি ৩২ ভেঙে ফেলা হচ্ছে বলে জানান তারা।
হাদির মৃত্যু ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তাল পরিস্থিতি তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, টিএসসি, কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। একপর্যায়ে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
উল্লেখ্য, ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করতেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে এখানেই নিহত হন। দীর্ঘদিন ধরে বাড়িটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।