AdvertisementAdvertisement

অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা ও মসজিদে হামলার নিন্দা আট দেশের

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানসহ আটটি আরব ও ইসলামি দেশ। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা রামাল্লাহর উত্তরে দুটি মসজিদে চালানো সাম্প্রতিক হামলার কড়া সমালোচনা করেছেন।

জিলজিলিয়া গ্রামের গ্র্যান্ড মসজিদ এবং মাজার আল-নুবানি গ্রামের আল-ফারুক মসজিদে চালানো এই হামলাকে ধর্মীয় পবিত্রতা ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন মন্ত্রীরা। তারা স্পষ্ট করেছেন যে, এই ধরনের কর্মকাণ্ড কেবল আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার পরিপন্থী নয়, বরং তা অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

Advertisement
বিজ্ঞাপন

যৌথ বিবৃতিতে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে এসব হামলার জন্য দায়ী করা হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ তৎপরতা ও সহিংসতা উগ্রবাদকে উসকে দিচ্ছে বলে সতর্ক করেছেন মন্ত্রীরা। একই সঙ্গে, আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে ইসরায়েলের এই বিপজ্জনক আগ্রাসন রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সহিংসতায় জড়িতদের দায়মুক্তি না দিয়ে জবাবদিহিতার আওতায় আনার ওপর জোর দিয়ে মন্ত্রীরা ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছেন। তারা ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকারের প্রতি সমর্থন জানান।

Advertisement
বিজ্ঞাপন

আন্তর্জাতিক আইন ও আরব শান্তি উদ্যোগের আলোকে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার রক্ষায় বিশ্বসম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহ্বানও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%