মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ওহাইও গভর্নরের অবস্থান পরিবর্তন

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিউয়াইন মৃত্যুদণ্ড ব্যবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান গ্রহণ করেছেন। এক সময় যে আইনি সংস্কারের মাধ্যমে তিনি নিজে মৃত্যুদণ্ড কার্যকর করার পক্ষে ভূমিকা রেখেছিলেন, এখন তার অবসান চেয়েছেন ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, অপরাধ দমনে মৃত্যুদণ্ড কার্যকর কোনো ভূমিকা রাখে—এমন বিশ্বাস এখন আর ভিত্তিহীন বলে মনে করেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানার প্রাক্কালে ডিউয়াইনের এই অবস্থান দেশটির রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তার এই মতপার্থক্য বেশ স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছেন এবং ফায়ারিং স্কোয়াডের মতো শাস্তির প্রস্তাব আনছেন, ঠিক সেই সময়ে ওহাইওর গভর্নরের এমন ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
যুক্তরাষ্ট্রজুড়ে মৃত্যুদণ্ডের প্রতি জনসমর্থন সাম্প্রতিক দশকগুলোতে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। গ্যালাপের তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে যেখানে মৃত্যুদণ্ডের পক্ষে জনসমর্থন ছিল ৮০ শতাংশ, সেখানে ২০২৫ সাল নাগাদ তা ৫২ শতাংশে নেমে এসেছে। নৈতিক উদ্বেগ, জাতিগত বৈষম্য এবং ভুল বিচারে নির্দোষ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা এই জনমত পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের পরিসংখ্যানমতে, ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত ২০২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিকে নির্দোষ প্রমাণ সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।
গভর্নর ডিউয়াইন মনে করেন, বর্তমানে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে যে ধীরগতি দেখা যায়, তাতে মৃত্যুদণ্ডের কার্যকারিতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তার মতে, অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত দীর্ঘ এবং বাস্তবে এই দণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ওহাইওতে সর্বশেষ ২০১৮ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এবং ডিউয়াইন গভর্নর হওয়ার পর থেকে রাজ্যে কার্যত এক ধরনের স্থগিতাদেশ বজায় রেখেছেন। এমনকি ২০২১ সালে তিনি গুরুতর মানসিক রোগে আক্রান্ত অপরাধীদের জন্য মৃত্যুদণ্ড নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেন।
ওহাইওর বর্তমান আইনসভা এবং রিপাবলিকান স্পিকার ম্যাট হাফম্যান মৃত্যুদণ্ড বাতিলের ঘোর বিরোধী হওয়ায় গভর্নর ডিউয়াইনের প্রস্তাবিত পরিবর্তনের পথ মোটেও সুগম নয়। তবে গভর্নর আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন হয় আইনটি বাতিলের উদ্যোগ নেন, নতুবা বিষয়টি সাধারণ ভোটারদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৩টি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ থাকলেও ক্যালিফোর্নিয়া ও ওরেগনের মতো অঙ্গরাজ্যগুলো আনুষ্ঠানিকভাবে শাস্তিটি বহাল রাখলেও কার্যত তা প্রয়োগ থেকে বিরত রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা