দিল্লি বিমানবন্দরে আটকে পড়ার পর সফর বাতিল করে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। রবিবার রাতে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়ার পর কোনো আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ না নিয়েই তিনি ঢাকার পথে রওনা হন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় বা ওয়াচলিস্টে নাম থাকার কারণ দেখিয়ে রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছানোর পর উপদেষ্টাকে আটকে দেয় ভারতীয় অভিবাসন বিভাগ। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য তার দিল্লি পৌঁছানোর কথা ছিল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ইমিগ্রেশন পয়েন্টে তাকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রেখে অতিরিক্ত যাচাই-বাছাই করা হয়।

সফরটি ছিল পূর্বনির্ধারিত এবং এ বিষয়ে গত শুক্রবার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। উচ্চ মহলের হস্তক্ষেপে পরবর্তী সময়ে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ডা. জাহেদ উর রহমান দিল্লিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন। বিমানবন্দরের এমন রহস্যজনক আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে বিমানে ওঠেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার এহেন আকস্মিক প্রস্থান কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিদল বড় ধরনের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সোমবার দুপুরের আগেই তিনি ঢাকায় পৌঁছাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%