Advertisement

পাকিস্তানের তেল ও গ্যাস খাতে নরওয়ের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

পাকিস্তানের সঙ্গে নরওয়ের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসলামাবাদের শীর্ষ নীতিনির্ধারকরা দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নরওয়ের উদ্যোক্তাদের দেশটির তেল ও গ্যাস অনুসন্ধান খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা, দক্ষ জনশক্তি তৈরি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং প্রযুক্তিগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে নরওয়ের অব্যাহত সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের পক্ষে নরওয়ের অবস্থানকে অত্যন্ত নীতিগত ও সাহসী পদক্ষেপ হিসেবে অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উপসাগরীয় অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টায় নরওয়ের ধারাবাহিক সমর্থনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

বিজ্ঞাপন

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে উষ্ণ অভ্যর্থনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তিনি আঞ্চলিক শান্তি বজায় রাখতে পাকিস্তানের কার্যকর ভূমিকার প্রশংসা করেন এবং বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে নরওয়ের অদম্য আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষত নরওয়েতে অবস্থানরত পাকিস্তানি প্রবাসীদের ইতিবাচক অবদানের বিষয়টিও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

বৈঠকের শেষ পর্যায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতার এই নতুন দিগন্ত উভয় রাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কে এক ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%