সিন্ধুতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, নতুন হার ৪৩ হাজার রুপি

সিন্ধু প্রদেশের নিম্ন আয়ের শ্রমিকদের জন্য সুখবর নিয়ে এলো প্রাদেশিক মন্ত্রিসভা। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৩ হাজার টাকা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সিন্ধু সরকার। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রাদেশিক মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে মজুরি বৃদ্ধির এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন এই মজুরি কাঠামো অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ তারিখ থেকে বর্ধিত বেতন কার্যকর হবে। শুধুমাত্র অদক্ষ শ্রমিকরাই নন, বরং দক্ষ, আধা-দক্ষ ও উচ্চতর দক্ষতাসম্পন্ন শ্রমিকদের মজুরিও আনুপাতিক হারে বৃদ্ধি করা হয়েছে। সিন্ধু প্রদেশের সকল নিবন্ধিত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই নতুন বেতন কাঠামো বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে।
শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, কেবল মজুরি বৃদ্ধিই নয়, বরং শ্রমিকদের অধিকার রক্ষা ও তাদের কল্যাণে সরকার নানামুখী সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে।
শ্রমিকদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার বিষয়ে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মন্ত্রিসভার এই বৈঠকে শ্রমিক কল্যাণ ছাড়াও বিচার বিভাগ ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রদেশের সার্বিক প্রশাসনিক কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
