আর্থিক সংকটের কবলে মীর রাজা, মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্তে নতুন মোড়

পাকিস্তানের করাচিতে মির রাজা আলী খানের রহস্যজনক মৃত্যুর ঘটনাটি এখন গভীর তদন্তের অধীনে রয়েছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের মোবাইল ফোনের তথ্য এবং ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণের মাধ্যমে তার চরম আর্থিক সংকটে থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। মৃত্যুর কারণ এটি আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিশ্চিত করতে মরিয়া হয়ে কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থা।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই রাতে মির রাজা তার এক বন্ধুর কাছে ৩ কোটি রুপি ঋণের আবেদন করেছিলেন। বার্তার মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে, তিনি চরম বিপদের সম্মুখীন এবং তার জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন। এছাড়া তার বাগদত্তার পাঠানো একাধিক বার্তার বিপরীতে ভোর ৩টা ১০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে কোনো সাড়া দেননি তিনি। মুঠোফোনের উপাত্ত থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, বেশ কয়েকজন ব্যক্তির কাছে তার বড় অঙ্কের দেনা ছিল।
নিহতের পরিবারের পক্ষ থেকে প্রাথমিক তদন্তের ফলাফল নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে গুলির আঘাতে মৃত্যুর কথা বলা হলেও, পরিবারের দাবি, তার শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন এবং পোড়া দাগ রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনে পুনরায় ময়নাতদন্তের সম্ভাবনা খোলা রেখেছে কর্তৃপক্ষ।
তদন্তের স্বার্থে এখন পর্যন্ত ১৫ জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে রয়েছেন রাইড শেয়ারিং সেবার চালক এবং সর্বপ্রথম মরদেহটি দেখতে পাওয়া ব্যক্তি। সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনায় গোয়েন্দা কর্মকর্তারা জানান, সংগৃহীত সব আলামত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে যাতে ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হয়।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
