AdvertisementAdvertisement

সরকার পতনের ডাক দিয়ে ৫ আগস্ট থেকে আন্দোলনের ঘোষণা পিটিআইয়ের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান দাবি করেছেন যে, বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছেন খোদ মিত্ররা। সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের অদূরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছেন, তাই অবিলম্বে তার উচিত আস্থা ভোটের মুখোমুখি হওয়া অথবা নতুন নির্বাচনের পথ প্রশস্ত করে অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনের সুযোগ দেওয়া।

ব্যারিস্টার গহর অভিযোগ করেন, পাকিস্তানর বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার গ্রহণযোগ্যতা সম্পূর্ণ ধসে পড়েছে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের গুরুত্বপূর্ণ মিত্রদের পক্ষ থেকেই যখন সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন উঠেছে, তখন প্রধানমন্ত্রী পদে বহাল থাকার যৌক্তিকতা ফুরিয়ে গেছে। সাংবিধানিক সংকট মোকাবিলায় বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে শরিকদের সঙ্গে আলোচনা করবে বলেও জানান তিনি।

Advertisement
বিজ্ঞাপন

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কর্মকাণ্ড নিয়েও তীব্র সমালোচনা করেন পিটিআই চেয়ারম্যান। তিনি প্রশ্ন তোলেন, বিতর্কিত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে উঠে আসা এই দলটির পদক্ষেপ জাতীয় স্বার্থের পরিপন্থী কি না। নতুন প্রদেশ গঠনের দীর্ঘদিনের দাবি সম্পর্কে তিনি বলেন, বর্তমান পার্লামেন্টের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। জাতীয় ঐকমত্য ছাড়া কোনো প্রশাসনিক পরিবর্তন আনা গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন।

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাস প্রসঙ্গে ব্যারিস্টার গহর বলেন, পাকিস্তানের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা এভাবে টানা তিন বছর বন্দী থাকেননি। ইমরান খান ও তার স্ত্রীর মুক্তির দাবিতে আগামী ৫ই আগস্ট থেকে দল দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে ঘোষণা দেন তিনি। এই আন্দোলন দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Advertisement
বিজ্ঞাপন

আজাদ জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই পিটিআই সেই নির্বাচন বর্জন করেছিল। অঞ্চলটির ইতিহাসে সর্বনিম্ন ভোটার উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বর্তমান প্রাদেশিক সরকারকে ব্যর্থ এবং নির্বাচন প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে আখ্যা দেন।

অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে গোপনে যোগাযোগ বা সমঝোতার খবর নাকচ করে দিয়ে ব্যারিস্টার গহর বলেন, দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংলাপ হয়নি। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা রাষ্ট্রীয় কাঠামোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জাতীয় সমস্যা নিরসনে সব অংশীজনকে শান্তিপূর্ণ আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%