লন্ডন থেকে পাঞ্জাবে ডিজিটাল পদ্ধতিতে সম্পত্তি হস্তান্তরের সুবিধা চালু করল পাকিস্তান হাইকমিশন

লন্ডনে অবস্থিত পাকিস্তান হাইকমিশন পাঞ্জাব প্রদেশের সম্পত্তির মালিকানা হস্তান্তরের জন্য একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে। প্রবাসী পাকিস্তানিদের ভোগান্তি কমাতে এবং কনস্যুলার সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানর প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে প্রবাসীরা কোনো ধরনের ঝামেলা ছাড়াই সরাসরি ডিজিটাল পদ্ধতিতে তাদের সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে পারবেন।
দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ব্যবস্থায় সম্পত্তি হস্তান্তরের জন্য কোনো পাওয়ার অব অ্যাটর্নি বা তৃতীয় কোনো প্রতিনিধির প্রয়োজন পড়বে না। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি নিরাপদ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রক্রিয়াটিকে দ্রুত ও সাশ্রয়ী করে তুলেছে।
এই আধুনিক সেবার ফলে প্রবাসী পাকিস্তানিদের শুধু সম্পত্তি হস্তান্তরের প্রয়োজনে আর নিজ দেশে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। এতে ভুক্তভোগীদের বিপুল সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ফজল ও তাঁর পরিবারের মালিকানাধীন সম্পত্তির মালিকানা ডিজিটাল পদ্ধতিতে সফলভাবে হস্তান্তর সম্পন্ন করার মাধ্যমে এই উদ্যোগের কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
পাকিস্তান হাইকমিশন প্রবাসী পাকিস্তানিদের সর্বোচ্চ সেবা প্রদানে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ডিজিটাল এই ব্যবস্থার ফলে প্রবাসীরা কোনো ধরনের মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি তাদের সম্পত্তির মালিকানা সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন, যা পাকিস্তান সরকারের প্রবাসীকল্যাণমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
