পাঞ্জাবের বিভিন্ন শহরে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পিডিএমএ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চতুর্থ দফার মৌসুমী বৃষ্টির প্রভাবে জনজীবনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) তথ্য অনুযায়ী, কালাবাগ ও ওয়াজিরাবাদের নালা পালখুতে মৃদু বন্যার সৃষ্টি হয়েছে। এছাড়া আগামী ৫ আগস্ট পর্যন্ত চলমান এই বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় প্রদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
পিডিএমএর মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে সিন্ধু নদের কালাবাগে পানিপ্রবাহ কিছুটা বেড়েছে। সেখানে বর্তমানে ২ লাখ ৭৩ হাজার কিউসেক পানি প্রবেশ করছে এবং ২ লাখ ৬৬ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। পাশাপাশি ওয়াজিরাবাদের নালা পালখুতে পানির প্রবাহ ৩ হাজার কিউসেকে পৌঁছানোয় সেখানেও মৃদু বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে চেনাব, ঝিলাম, রাভি ও সুতলেজ নদীর পানিস্তর এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং ডেরা গাজি খানের পাহাড়ি ঢলের অবস্থাও স্থিতিশীল বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পিডিএমএর মহাপরিচালক সাইফ আনোয়ার জাপ্পা সতর্ক করে বলেছেন, উপরের অববাহিকায় ভারী বৃষ্টিপাত হলে পূর্বদিকের নদীগুলোর পানিপ্রবাহ নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে পারে। এর ফলে লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, গুজরাত, শিয়ালকোট, ফয়সালাবাদ ও মুলতান শহরে নগর বন্যার প্রবল ঝুঁকি রয়েছে। এছাড়াও মুরিসহ গালিয়াতের পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় এবং প্রাণহানি এড়াতে পিডিএমএ প্রশাসনের পক্ষ থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নদী তীরবর্তী এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। দুর্যোগকালীন অবস্থায় জেলা প্রশাসনের সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
