ফেডারেল সরকারি কর্মকর্তাদের ৭৫ শতাংশ চাকরির তথ্য ডিজিটাইজড করেছে পাকিস্তান সরকার

পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সরকারি কর্মকর্তাদের সেবার রেকর্ড আধুনিকায়নের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এইচআরএমআইএস ব্যবহারের মাধ্যমে এখন পর্যন্ত চার ধরনের পেশাজীবী গোষ্ঠীর ৭৫ শতাংশের বেশি সেবা সংক্রান্ত নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে। দাপ্তরিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং কাগজনির্ভর পুরনো নথিপত্র ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যেই মূলত এই উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার।
সিনেটের মন্ত্রিসভা বিষয়ক স্থায়ী কমিটির কাছে উপস্থাপিত নথিপত্র থেকে জানা যায়, পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, পুলিশ সার্ভিস অব পাকিস্তান, অফিস ম্যানেজমেন্ট গ্রুপ এবং সেক্রেটারিয়েট গ্রুপের কর্মকর্তাদের তথ্য এখন একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত হচ্ছে। এস্টাবলিশমেন্ট ডিভিশন এই তথ্য ভাণ্ডারের নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা যাচাই করতে একটি নিবিড় পরীক্ষা চালাচ্ছে। অবশিষ্ট নথিপত্র ডিজিটাল করার কাজকেও পাকিস্তান সরকার বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
এই ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মকর্তাদের ব্যক্তিগত প্রোফাইল, পদায়ন, পদোন্নতি, জ্যেষ্ঠতা, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, ছুটির বিবরণ এবং কর্মদক্ষতার মূল্যায়ন প্রতিবেদনসহ যাবতীয় তথ্য সংরক্ষিত রয়েছে। কর্মকর্তাদের নিজস্ব রেকর্ডে কোনো অসংগতি থাকলে তা পর্যালোচনা করার সুযোগ দেওয়া হয়েছে এবং সঠিক তথ্য যাচাই সাপেক্ষে তা সিস্টেমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দাবি, ম্যানুয়াল পদ্ধতিতে নথিপত্র সংরক্ষণের ঝামেলা না থাকায় পুরো প্রক্রিয়াটি দ্রুতগতিতে এগিয়ে চলছে।
প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপ পেলে এটি পাকিস্তান সরকারের মানবসম্পদ ব্যবস্থাপনার একমাত্র নির্ভরযোগ্য ডিজিটাল ভাণ্ডার হিসেবে গণ্য হবে। পদোন্নতি, বদলি এবং প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই কেন্দ্রীয় ডেটাবাস অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। এটি সরকারি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তথ্য-প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
