নিরাপত্তা সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান ও কাতার

পাকিস্তান এবং কাতার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে নিরাপত্তা সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। দোহায় অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিফা বিন হামাদ বিন খালিফা আল থানি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে আলোচনা করেন।
দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্ব জোরদার করার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। আঞ্চলিক পরিস্থিতি এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও দুই দেশের প্রতিনিধিদল ফলপ্রসূ আলোচনা করেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বৈঠকে পুনর্ব্যক্ত করেন যে, পারস্পরিক স্বার্থে কাতার ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ইসলামাবাদ বদ্ধপরিকর। বিশেষত নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যের আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ সম্প্রসারণের ওপর তিনি বিশেষ আলোকপাত করেন।
বৈঠকের এক পর্যায়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি কাতারের উন্নয়নে সাবেক এই আমিরের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
কাতার সরকারের উচ্চপদস্থ এই মন্ত্রীও পাকিস্তানের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলে আশ্বস্ত করেছেন। শেখ খালিফা বিন হামাদ বিন খালিফা আল থানি বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কাতারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও বেগবান হবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ