টানা বর্ষণে ক্ষেতলালের বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী সাধারণ মানুষের নাভিশ্বাস

টানা কয়েকদিনের ভারী বর্ষণে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ সংকটের সুযোগে এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় হাট-বাজারগুলোতে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ের বাজারে এই মূল্যবৃদ্ধির প্রভাব স্পষ্ট হয়ে ওঠায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
উপজেলার ইটাখোলা হাট, বটতলী হাট ও থানা বাজারের তথ্য অনুযায়ী, বর্তমানে আলু ২৫ থেকে ৩৫ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া করলা ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। লাউয়ের প্রতিটি পিস আকারভেদে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে ফসলি জমিতে পানি জমে যাওয়ায় সবজি তোলা ও পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। ফলন বিপর্যয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সরবরাহ কমে যাওয়ায় বাজারে পণ্যমূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে এবং মাঠ থেকে সবজি উত্তোলন শুরু হলে সরবরাহ বৃদ্ধির মাধ্যমে পণ্যের দাম পুনরায় স্থিতিশীল হবে বলে প্রত্যাশা করছেন তারা।
এদিকে ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিংয়ের অভাবে একই পণ্যের দাম বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্নভাবে চাওয়া হচ্ছে। অতিরিক্ত মুনাফালোভী কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে সাধারণ মানুষের ওপর বাড়তি খরচের চাপ সৃষ্টি করছেন। নিত্যপণ্যের অস্বাভাবিক এই দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।