ম্যানিলায় পাকিস্তান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের পার্শ্ববৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বুধবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিজ্ঞাপন

আলোচনায় দুই নেতা পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি পুনর্নিশ্চিত করেন। বিশেষ করে বাণিজ্য, অর্থনৈতিক সংযোগ, প্রতিরক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বৃদ্ধির উপায়গুলো নিয়ে তারা বিশদ মতবিনিময় করেন। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার ইতিবাচক ধারায় দুই পক্ষই সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে পাকিস্তান ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের সফলতার বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত আরও মজবুত করতে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত আলোচনার গুরুত্বের ওপর উভয় পক্ষই একমত পোষণ করেছেন।

আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের সময় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক শান্তি ও সংলাপ প্রসারে পাকিস্তান সরকারের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিদ্যমান আঞ্চলিক উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে উভয় নেতা আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমেই দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%