বালুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে একদিনে ১৪ জঙ্গি নিহত মোট প্রাণহানি ৯৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান ‘অপারেশন শাবান’-এ নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানে মাত্র একদিনেই ১৪ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। প্রদেশজুড়ে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই থেকে এ পর্যন্ত বিভিন্ন গোয়েন্দাভিত্তিক অভিযানে মোট ৯৩ জন জঙ্গি প্রাণ হারিয়েছে, যার মধ্যে কেবল অপারেশন শাবান চলাকালীন নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে।

বিজ্ঞাপন

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, দুর্গম পাহাড়ি অঞ্চল ও প্রতিকূল ভূখণ্ডে আকাশ ও স্থলপথে সমন্বিত আক্রমণের মাধ্যমে এই সাফল্য অর্জন করা হয়েছে। সর্বশেষ অভিযানে নিহতদের ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামক একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে শনাক্ত করেছে প্রশাসন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, হ্যান্ড গ্রেনেড, মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নিষিদ্ধ সংগঠনের পতাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বেলুচিস্তানে শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপত্তা বিভাগ। বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, প্রদেশের শেষ জঙ্গি সদস্যকে নির্মূল না করা পর্যন্ত অপারেশন শাবান থামবে না। দুর্গম এলাকাগুলোতে জঙ্গিদের অবস্থান নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই অভিযান পরিচালনার কৌশল গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর এই ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, পাকিস্তান সরকার রাষ্ট্র থেকে সন্ত্রাসবাদের মূল উপড়ে ফেলতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর পাশাপাশি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং পুলিশের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেন, রাষ্ট্র ও জনগণের জন্য বোঝা হয়ে দাঁড়ানো এসব জঙ্গিদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। তিনি আরও যোগ করেন, নিরাপত্তা বাহিনী শত্রুপক্ষের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এবং সন্ত্রাসীদের জন্য পাকিস্তানের মাটিতে কোনো নিরাপদ আশ্রয়ের জায়গা অবশিষ্ট থাকবে না।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%