আরব সাগরে নিখোঁজ কে২ এয়ারওয়েজের কার্গো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

আরব সাগরের গভীরে নিখোঁজ হওয়া কেটু এয়ারওয়েজের একটি বোয়িং ৭৩৭ কার্গো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী এবং পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। টানা ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান শেষে ওড়মারার ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

বিজ্ঞাপন

দুনিয়া নিউজের তথ্য অনুযায়ী, আগের দিন রাতে বিমানটি নিখোঁজ হওয়ার পর পাকিস্তান নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে এক সমন্বিত অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর সমুদ্রের তলদেশে বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে নিখোঁজ বিমানের ক্রু সদস্য, কী ধরনের পণ্য বহন করছিল কিংবা এ ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

সামুদ্রিক উদ্ধার অভিযানে পাকিস্তান নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সির সক্ষমতা এই ঘটনাটি নতুন করে সামনে নিয়ে এসেছে। আকাশপথে জরুরি পরিস্থিতিতে সমুদ্র অঞ্চলে উদ্ধারকাজ পরিচালনার ক্ষেত্রে সংস্থা দুটির নিবিড় সমন্বয় ও পেশাদারিত্বের বিষয়টি এতে ফুটে উঠেছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%