বালুচিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ

বালুচিস্তানে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের সংস্কৃতি নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে প্রাদেশিক সরকার। প্রদেশের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি প্রদানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে বালুচিস্তান শিক্ষা বিভাগ। এখন থেকে কোনো শিক্ষার্থীকে প্রহার বা মানসিকভাবে হেনস্তা করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন

শিক্ষা বিভাগের নতুন নির্দেশনা অনুযায়ী, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের গায়ে হাত তোলা, লাঠি বা অন্য কোনো বস্তু দিয়ে আঘাত করা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের ভয় দেখানো বা অপমানজনক আচরণকেও অসদাচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিক্ষকদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা শারীরিক শাস্তির পরিবর্তে ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব উপায়ে শৃঙ্খলা বজায় রাখেন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ নিশ্চিত করেন।

এই প্রজ্ঞাপনের আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি বাধ্যতামূলক অভিযোগ নিবন্ধন খাতা সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। শারীরিক শাস্তির যেকোনো অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে তা তদন্ত করে সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে শিশুদের অধিকার এবং অমানবিক শাস্তির কুফল সম্পর্কে বিশেষ সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হবে। বালুচিস্তানের শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তন ইতিবাচক শিখন পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%