পাকিস্তানের পাসপোর্ট সেবায় নগদবিহীন লেনদেন ব্যবস্থা চালু

পাকিস্তানের পাসপোর্ট সেবা ব্যবস্থায় আধুনিকায়নের লক্ষ্যে দেশজুড়ে ক্যাশলেস বা নগদ অর্থহীন পেমেন্ট পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এই ডিজিটাল পদ্ধতির ফলে পাসপোর্ট অফিসে সেবা গ্রহণকারীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি লাঘব হবে এবং সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরাসরি নির্দেশনায় এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে সেবাগ্রহীতারা এখন থেকে ঝক্কিহীনভাবে পাসপোর্ট ফি পরিশোধ করতে পারবেন, যা সরকারি দপ্তরে দুর্নীতি রোধ ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই যুগান্তকারী উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করায় পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, জনগণের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দেওয়া এবং সরকারি দাপ্তরিক জটিলতা কমিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
