পাঞ্জাবে পবিত্র আশুরা উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় ও নজরদারি জোরদার

পাঞ্জাবে মহররম-উল-হারাম পালন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। পাঞ্জাব ইউনাইটেড উলেমা বোর্ডের একটি প্রতিনিধি দল সম্প্রতি স্বরাষ্ট্র বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করে সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনায় অংশ নেয়। শান্তি-শৃঙ্খলা রক্ষায় গৃহীত এই উদ্যোগের আওতায় প্রদেশজুড়ে হাজার হাজার ধর্মীয় জমায়েত ও মিছিলের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
পাঞ্জাব ইউনাইটেড উলেমা বোর্ডের চেয়ারম্যান মুফতি ইন্তেখাব আহমদ নুরির নেতৃত্বে প্রতিনিধি দলটির সদস্যরা পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিব ড. আহমদ জাভেদ কাজির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। এ সময় তারা প্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মহররমের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রতিনিধি দলে হাফেজ তাহির মাহমুদ আশরাফি, মুফতি মুহাম্মদ রমজান সিয়ালভি, হাফেজ মুহাম্মদ ওমর মাদানি, হাফেজ মুহাম্মদ আমজাদসহ বিভিন্ন মতাদর্শের বিশিষ্ট আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা নবম মহররমের মিছিল এবং বিভিন্ন ধর্মীয় জমায়েতের সরাসরি নজরদারি প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বর্তমানে চালু থাকা সাইবার টহল ব্যবস্থার কার্যকারিতা নিয়েও তারা খোঁজখবর নেন। এ সময় পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক অতিরিক্ত সচিব মাহাম আসিফ মালিক ও বিশেষ উদ্যোগ শাখার অতিরিক্ত সচিব আব্দুল রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিব ড. আহমদ জাভেদ কাজি জানান, মহররম-উল-হারাম শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রাদেশিক সরকার সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন যে, পুরো পাঞ্জাব জুড়ে ৩৭ হাজারেরও বেশি ধর্মীয় জমায়েত এবং ৯ হাজারেরও বেশি মিছিল সরাসরি তদারকির আওতায় আনা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ও প্রদেশের সব প্রান্ত থেকে তথ্য সংগ্রহের জন্য স্বরাষ্ট্র বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষটি ২৪ ঘণ্টাই সচল রাখা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
