ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি কার্যকর

পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার এক ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যের ঘোষণা দিয়ে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিত এই চুক্তিটি উভয় দেশের প্রেসিডেন্টের সম্মতিক্রমে স্বাক্ষরিত হয়েছে এবং পাকিস্তানর প্রধানমন্ত্রী নিজে মধ্যস্থতাকারী হিসেবে এতে সমর্থন দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ উল্লেখ করেন, উচ্চপর্যায়ের এই চুক্তিটি দুই দেশের কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এই চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য পাকিস্তানর প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি মার্কিন আলোচক দলের সদস্য জে. ডি. ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের রাজনৈতিক প্রজ্ঞার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শাহবাজ শরিফ। তিনি ইরানি আলোচক দলের সদস্য মোহাম্মদ বাকের গালিবফ, আব্বাস আরাকচি এবং এস্কান্দার মোমেনির ধৈর্য ও গঠনমূলক ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন।
এই সমঝোতা প্রক্রিয়ায় কাতার সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং সৌদি আরব, তুরস্ক ও মিশরের অপরিহার্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেছেন পাকিস্তানর প্রধানমন্ত্রী। এছাড়া, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির এই অভাবনীয় অর্জনে পাকিস্তানর সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের বলিষ্ঠ ও নিরলস ভূমিকার বিশেষ প্রশংসা করেছেন তিনি।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
