ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা নিয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এক টেলিফোন সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদারে একমত হয়েছেন।

বিজ্ঞাপন

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক সংকট নিরসনে পাকিস্তানের ইতিবাচক ভূমিকা ও মধ্যস্থতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে সমঝোতা স্থাপনের ক্ষেত্রে পাকিস্তানের গঠনমূলক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সুইজারল্যান্ডের বার্গেনস্টকে শুক্রবার অনুষ্ঠেয় মার্কিন-ইরান বৈঠকের প্রস্তুতির বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করেছেন। এই বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নিবিড় কূটনৈতিক সমন্বয় বজায় রাখার বিষয়ে উভয় দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান ও কানাডার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঊর্ধ্বমুখী ধারা নিয়ে দুই নেতাই সন্তোষ প্রকাশ করেছেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%