কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মোতালেব (৪৪) নামের এক ব্যবসায়ী মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির উঠানে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মোতালেব ওই গ্রামের বাসিন্দা আবদুল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশীর একটি অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় মোতালেবের বাড়ির উঠান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন মোতালেব। অকাল এই মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শুক্রবার সকালে গুণবতী মাদ্রাসা মোড়ে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।