পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান নিরাপত্তা অভিযানে আরও তিন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। ‘অপারেশন শাবান’ নামের এই সমন্বিত অভিযানে পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর বা এফসি এবং পুলিশ যৌথভাবে অংশ নিচ্ছে। দুর্গম পার্বত্য এলাকায় জঙ্গিদের গোপন আস্তানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানেই তারা প্রাণ হারায়।
নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ সূত্রগুলো জানিয়েছে, সর্বশেষ এই অভিযানের মাধ্যমে অপারেশন শাবানে নিহতের সংখ্যা ৯১ জনে পৌঁছেছে। প্রতিকূল ভূখণ্ডে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর এ সাফল্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ জুলাই থেকে বেলুচিস্তান জুড়ে পরিচালিত বিভিন্ন গোয়েন্দা-ভিত্তিক অভিযান এবং অপারেশন শাবানে এ পর্যন্ত সর্বমোট ১২৯ জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রদেশটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং সন্ত্রাসী নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।