বন্যাদুর্গতদের সহায়তায় সব ধরনের সম্পদ ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশজুড়ে চলমান ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে (এনডিএমএ) দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। গতকাল ইসলামাবাদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি দুর্যোগ মোকাবিলায় সব ধরনের সরকারি সম্পদ ব্যবহারের তাগিদ দেন।

এনডিএমএ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিকের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বর্তমান দুর্যোগ পরিস্থিতির সার্বিক চিত্র সম্পর্কে অবগত হন। এ সময় তিনি দুর্যোগকবলিত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম জোরদার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় প্রাদেশিক সরকার ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষগুলোর (পিডিএমএ) সাথে এনডিএমএর কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। তিনি বন্যাদুর্গতদের কাছে সময়মতো ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তঃবিভাগীয় যোগাযোগ আরও সুসংহত করার নির্দেশ দিয়েছেন।

এছাড়া ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকে প্রধানমন্ত্রী সাধুবাদ জানান। দুর্যোগ পর্যবেক্ষণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এই প্রযুক্তিগত উৎকর্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।

এনডিএমএ চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, কেন্দ্রীয় সরকারের সহায়তায় খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। সংকট নিরসন না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

০%
০%
০%
০%