যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে শনিবার (৩১ অক্টোবর) রাতে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহ দুটি উদ্ধার করে।
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল জানান, শনিবার বিকেলে স্থানীয় লোকজন সিরাজুল ইসলামের মাছের ঘেরের আশপাশে তীব্র দুর্গন্ধ পান। পরে খোঁজ নিয়ে ধানক্ষেতের ভেতর মরদেহ দুটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মৃত নারী ও পুরুষ স্বামী-স্ত্রী হতে পারেন।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। এ রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।