Advertisement

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রাক্কালে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সপ্তাহ ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তজনা ছড়াল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরুর প্রাক্কালে বুধবার সকালে উত্তর কোরিয়া জাপান সাগরের উদ্দেশ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে সিউল ও টোকিও নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়, যা প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামক বার্ষিক সামরিক মহড়াকে কেন্দ্র করেই পিয়ংইয়ংয়ের এই উসকানিমূলক কর্মকাণ্ড বলে ধারণা করছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের ওপর নজরদারি জোরদার করেছে এবং ওয়াশিংটন ও টোকিও’র সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রেখেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইতিমধ্যেই সাগরে পড়েছে, তবে এর বিস্তারিত প্রভাব নিয়ে এখনো কাজ চলছে।

বিজ্ঞাপন

কিয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ লিম ইউল-চুল এএফপিকে জানিয়েছেন, যৌথ সামরিক মহড়াকে কখনোই বিনা চ্যালেঞ্জে পার হতে দেয় না পিয়ংইয়ং। পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ মূলত একটি বার্তা যে, তারা আসন্ন মহড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। উল্লেখ্য, আগামী ১১ দিনব্যাপী এই সামরিক প্রশিক্ষণে দক্ষিণ কোরিয়ার ১৮ হাজার সৈন্য অংশ নেওয়ার কথা রয়েছে।

উত্তর কোরিয়া বরাবরই এই মহড়াকে আগ্রাসনের মহড়া হিসেবে অভিহিত করে আসছে, যদিও সিউল ও ওয়াশিংটন একে নিছক আত্মরক্ষামূলক বলে দাবি করে। এর আগে গত ৬ আগস্টও পিয়ংইয়ং স্বল্পপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। একই সময়ে জাপানের নতুন প্রতিরক্ষা নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে উত্তর কোরিয়া, যা আঞ্চলিক ভূ-রাজনীতিকে আরও জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে উত্তর কোরিয়ার ভূমিকা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, জাপোরিঝজিয়া শহরের একটি ইস্পাত কারখানায় রাশিয়ার হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। রাশিয়ার এই হামলায় সাতজন শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%