Advertisement

কুসরায় ফিলিস্তিনি পরিবার অবরুদ্ধ, বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডকে সন্ত্রাস বললেন হাকাবি

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস সংলগ্ন কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েছে তিনটি ফিলিস্তিনি পরিবার। গত কয়েক দিন ধরে চলা এই অবরোধের ফলে ভুক্তভোগী পরিবারগুলো খাদ্য, পানি ও বিদ্যুৎসহ জরুরি সরবরাহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বসতি স্থাপনকারীরা তাদের জমি দখলের নীল নকশা হিসেবেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করেছেন। ইসরায়েলের বসতি স্থাপনের পক্ষে দীর্ঘদিনের সমর্থক হাকাবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই আচরণকে জঘন্য ও উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। অবরুদ্ধ পরিবারগুলোর মধ্যে অন্তত একটি পরিবারের সদস্য মার্কিন নাগরিক হওয়ায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে।

বিজ্ঞাপন

দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং পুলিশ বসতি স্থাপনকারীদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালালেও তারা এখনো ওই এলাকায় অবস্থান করছে। এদিকে, অবরুদ্ধ থাকা মার্কিন-ফিলিস্তিনি নাগরিক লোয়াই রিদি জানিয়েছেন, তার আত্মীয়রা শেষ সম্বলটুকু দিয়ে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছেন। তারা বাড়ি ছেড়ে চলে যাওয়ার আশঙ্কা করছেন, কারণ বাড়ি খালি করলেই বসতি স্থাপনকারীরা তা দখল করে নেবে বলে তাদের ধারণা।

আল-জাজিরার প্রতিবেদনের ভাষ্যমতে, শুধু নির্দিষ্ট ওই তিনটি পরিবারই নয়, বরং পুরো কুসরা গ্রামটিই বর্তমানে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ফিলিস্তিনিদের সহায়তায় যাতে কেউ গ্রামে প্রবেশ করতে না পারে, সেজন্য ইসরায়েলি সেনাবাহিনী গ্রামের প্রতিটি প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। অবরোধের মুখে থাকা আইশা আবু রিদা নামের এক ফিলিস্তিনি নারী দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতেই তারা তাদের পৈতৃক ভিটা ছেড়ে কোথাও যাবেন না।

বিজ্ঞাপন

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা কুসরা ও জালুদ এলাকার উপকণ্ঠে দুটি অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছে এবং একজনকে আটক করেছে। তবে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নিয়মিত হামলা এবং জমি দখলের মতো ঘটনা নতুন নয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান ডানপন্থী সরকারের আমলে এই বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য ও জমি দখলের প্রবণতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন অবৈধ। ১৯৬৭ সাল থেকে অঞ্চলটি দখল করে রাখা ইসরায়েলের এই বসতিগুলোতে বর্তমানে প্রায় ৫ লক্ষাধিক ইসরায়েলি বসবাস করছে। এর পাশাপাশি ওই অঞ্চলে প্রায় ৩০ লক্ষ ফিলিস্তিনি অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন। জুলাই মাসে পার্শ্ববর্তী জালুদ গ্রামেও প্রায় একই ধরণের অবরোধের মুখে দুটি পরিবারকে তাদের জমি থেকে উচ্ছেদ করা হয়েছিল।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%