Advertisement

মহারাষ্ট্রের নান্দেড়ে হামলার শিকার শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল

মহারাষ্ট্রের নান্দেড়ে তখত শ্রী হুজুর সাহেব দর্শনে গিয়ে হামলার শিকার হলেন পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল। বৃহস্পতিবার বিকেলে নান্দেড়ের মাতা সাহেব কৌর গুরুদ্বারে প্রার্থনা সেরে বেরোনোর সময় এক নিহাং শিখ ধারালো কৃপাণ দিয়ে তাঁর ওপর অতর্কিত আক্রমণ চালায়। জেড প্লাস নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, হামলার সময় নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান সুখবীর সিং বাদল।

ঘটনার বিবরণে জানা যায়, সুখবীর সিং বাদল তাঁর স্ত্রী ও সাংসদ হরসিমরত কৌর বাদলের সঙ্গে গুরুদ্বারের সিঁড়ি দিয়ে নামছিলেন। হঠাৎই জসপাল সিং নামের ৬২ বছর বয়সী এক নিহাং শিখ ব্যক্তি তাঁকে লক্ষ্য করে কৃপাণ দিয়ে আঘাত করার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত বাধা দিলে সুখবীর সিং বাদলের ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগে। এই ধস্তাধস্তিতে ইনস্পেক্টর সন্তোষ কেন্দ্রে নামক এক নিরাপত্তারক্ষীও আহত হন। হামলার পর সুখবীর সিং বাদলকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর হাতে সেলাই দেওয়া হয়েছে। অকালি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি বিপদমুক্ত।

বিজ্ঞাপন

অভিযুক্ত জসপাল সিংকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে নান্দেড় পুলিশ। পুনের বাসিন্দা এই ব্যক্তি পেশায় প্রাক্তন আইনজীবী এবং গত দুই বছর ধরে নান্দেড়ের মুগাট এলাকার ওই গুরুদ্বারে কর্মরত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অসংলগ্ন উত্তর দিলেও হামলার প্রকৃত উদ্দেশ্য এবং এর পেছনে অন্য কোনো গোষ্ঠী বা ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ ইতিমধ্যেই স্থানীয় পুলিশ সুপারকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই ঘটনার খবর পেয়ে ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদলের সঙ্গে কথা বলেন এবং সুখবীর সিং বাদলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এদিকে, এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন স্তরের নেতারা। উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের ৪ ডিসেম্বর অমৃতসরের স্বর্ণমন্দিরে সেবা করার সময় সুখবীর সিং বাদলের ওপর গুলি চালানোর চেষ্টা হয়েছিল, যা থেকে তিনি অল্পের জন্য রক্ষা পান। বারংবার এ ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%