নিরাপত্তার নিশ্চয়তা পেলে স্থায়ীভাবে পশ্চিমবঙ্গে ফিরতে আগ্রহী তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর প্রিয় শহর কলকাতায় পা রেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। দীর্ঘ সময় নির্বাসনে কাটানোর পর নিজের চেনা আঙিনায় ফেরার সুযোগ পেয়ে তিনি মুগ্ধতা প্রকাশ করেছেন। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি স্থায়ীভাবে কলকাতায় বসবাসের বিষয়টি ভেবে দেখতে পারেন বলে জানিয়েছেন।
২০০৭ সালে সহিংস বিক্ষোভের জেরে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা নাসরিন। তিনি ভেবেছিলেন সাময়িক এই বিচ্ছেদ কাটিয়ে দ্রুত তিলোত্তমায় ফিরতে পারবেন, তবে তা সম্ভব হয়নি। বামফ্রন্ট সরকারের পতনের পর তৃণমূল কংগ্রেসের শাসনকালেও রাজনৈতিক সমীকরণের কারণে তার ফেরা আটকে ছিল। লেখিকার অভিযোগ, তৎকালীন সরকার উগ্রবাদী ও মৌলবাদীদের ভয়ে তাকে ফিরিয়ে আনার সাহস দেখায়নি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার কড়া নিরাপত্তার বলয়ে কলকাতায় ফিরেছেন তিনি। সূত্রের খবর, একজন রাজ্যের মন্ত্রীর সমতুল্য সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে তসলিমা নাসরিনকে। তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, যারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। তার যাতায়াতের প্রতিটি পথে মোতায়েন করা হয়েছে এসকর্ট গাড়ি এবং নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।
এমন কঠোর নিরাপত্তার মধ্যেই আজ রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে তাকে সংবর্ধনা জানানোর সম্ভাবনা রয়েছে। নিরাপত্তার খাতিরে রবীন্দ্র সদন চত্বরে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। অনুষ্ঠানস্থলে কোনো ধরনের বিচ্যুতি এড়াতে দর্শনার্থীদের কঠোর তল্লাশির মুখোমুখি হতে হবে এবং ছাতা বা জলের বোতলের মতো সামগ্রী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
