AdvertisementAdvertisement

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে বহুতল ধসে নিহত ৯, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা থাকার আশঙ্কা

ভারতর মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টা নাগাদ বালাজি নগর এলাকার কোহিনূর বিল্ডিংয়ের ‘বি’ উইংটি হঠাৎ ভেঙে পড়লে এই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে মৃতের সংখ্যা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটি দীর্ঘ সময় ধরেই জীর্ণ অবস্থায় ছিল এবং স্থানীয় পুরসভা সেটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল। ঘটনার সময় ভবনটিতে মেরামতির কাজ চলছিল, যা এই ধসের প্রধান কারণ হতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে করছেন কর্মকর্তারা। দুর্ঘটনাটি ঘটার প্রায় আড়াই ঘণ্টা আগে রাত ৯টার দিকে বাসিন্দারা ভবনের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। ওই সময় বাসিন্দাদের দ্রুত সতর্কতায় বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হলেও, শেষ পর্যন্ত প্রাণহানির এই শোকাবহ ঘটনা এড়ানো যায়নি।

Advertisement
বিজ্ঞাপন

উদ্ধার তৎপরতা জোরদার করতে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল ও স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি, স্নিফার ডগ, চারটি দমকল ইঞ্জিন এবং দুটি অ্যাম্বুল্যান্স মোতায়েন করা হয়েছে। ৪৮টি কক্ষবিশিষ্ট এই চারতলা ভবনটিতে মেরামতির কাজের সময় কোনো নিয়ম লঙ্ঘিত হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%