জলঢাকা পর্যন্ত নতুন রেললাইনের জন্য ২৭২ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

উত্তরবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন, চালসার নিকটবর্তী খুনিয়া মোড় থেকে জলঢাকা পর্যন্ত ১৭ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণের লক্ষ্যে প্রায় ২৭২ কোটি টাকা বরাদ্দ করেছে ভারতের রেল মন্ত্রক। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারত, চীন ও ভুটান সংযোগস্থলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নতির মুখ দেখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

প্রস্তাবিত এই রেলপথটি জলপাইগুড়ি এবং কালিম্পং বন বিভাগের বনাঞ্চলের বুক চিরে অগ্রসর হবে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার দেবেন্দ্র সিং জানিয়েছেন, প্রকল্পটি বনাঞ্চল দিয়ে যাওয়ায় বন দপ্তরের চূড়ান্ত ছাড়পত্র পাওয়া অপরিহার্য। সেই নিয়ম মেনেই বর্ষা মৌসুম শেষ হওয়ার পর ভারতের রেল মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বন দপ্তর যৌথভাবে সরেজমিন সমীক্ষা চালাবে।

সাংসদ রাজু বিস্ত আরও জানিয়েছেন, খুনিয়া মোড়ের বিদ্যমান রেল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে এই নতুন লাইনটি চাপরামারি বন্যপ্রাণী অভয়ারণ্য, শিপচু, কুমানি এবং নকশাল অধ্যুষিত এলাকার মধ্য দিয়ে জলঢাকা পর্যন্ত বিস্তৃত হবে। চলতি বছরের জানুয়ারি মাসেই রেল মন্ত্রক এই প্রকল্পের প্রাথমিক অনুমোদন প্রদান করেছিল। বর্তমানে যৌথ সমীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তথা ডিপিআর তৈরির কাজ শুরু হবে।

এই প্রকল্প ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে, এই রেল যোগাযোগ স্থাপিত হলে জলঢাকা, বিন্দু ও তোডে তাংতা অঞ্চলের পর্যটন শিল্পে নতুন জোয়ার আসবে। সীমান্তবর্তী এলাকায় যাতায়াত ব্যবস্থা সহজতর হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারে এই রেললাইনটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%