লক্ষ্মীপুরে সালিসি বৈঠকে বৃদ্ধকে গুলির ঘটনায় নাতি গ্রেপ্তার অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বশিকপুর এলাকায় পারিবারিক সালিসি বৈঠকে বাগবিতণ্ডার জেরে নিজ দাদাকে গুলি করার ঘটনায় মো. আশিক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আশিক একই এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ৩ জুলাই সন্ধ্যায় একটি সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সালিসকারী হিসেবে উপস্থিত ছিলেন ভুক্তভোগী নজরুল ইসলাম। বৈঠকের এক পর্যায়ে আশিকের মা আয়েশা বেগমের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা পরবর্তীতে পারিবারিক কলহের সূত্রপাত ঘটায়। খবর পেয়ে ঢাকা থেকে এলাকায় ফিরে আসেন আশিক।

পরদিন ৪ জুলাই বিকেলে এ নিয়ে পুনরায় বাগবিতণ্ডা শুরু হলে আশিক আগ্নেয়াস্ত্র বের করে নজরুল ইসলামের ওপর গুলিবর্ষণ করেন। এতে নজরুল ইসলামের বাম হাতের কবজির ওপরের অংশ গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম নিজে বাদী হয়ে ৬ জুলাই চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে অভিযুক্ত আশিককে গ্রেপ্তার করে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে তাকে নিয়ে অভিযান চালিয়ে বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ির আঙিনা থেকে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দোষী আশিকের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%