নিম্নচাপের জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

বৃহস্পতিবার রাতভর টানা বর্ষণে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী কলকাতা। মাঝরাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার সকাল থেকেই ঘন কালো মেঘে ঢাকা আকাশের নিচে ছাতা হাতে ঘর থেকে বের হতে দেখা গেছে কর্মজীবী মানুষদের। আলিপুর আবহাওয়া দফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শহরে ২৭.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থাকবে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। নিম্নচাপের প্রভাব এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি বর্তমানে কিছুটা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি দুর্বল হয়ে পড়তে পারে। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

গত রাতের বৃষ্টিতে ইএম বাইপাস, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, শ্যামবাজার ও পার্ক সার্কাসের মতো গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে জনজীবনে ভোগান্তি সৃষ্টি হয়েছে। যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ চরমে পৌঁছালেও, বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে আসায় ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে রেহাই পেয়েছে শহরবাসী। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সপ্তাহান্তেও আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের পাহাড়ি ও ডুয়ার্স অঞ্চলে আগামী সাত দিন বৃষ্টির দাপট বজায় থাকবে। সংশ্লিষ্ট জেলাগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%