হুগলি ও বাঁকুড়ায় শিল্পায়নের নতুন অধ্যায়, দুই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে দুটি বৃহৎ কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছে রাজ্য সরকার। হুগলি ও বাঁকুড়ায় বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্প দুটি রাজ্যের শিল্পখাতে বিজেপির প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ জুলাই হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজ এবং ১৮ জুলাই বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানা সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই বিশেষ অনুষ্ঠানগুলোতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।

বিজ্ঞাপন

মেজিয়ায় অবস্থিত শ্যাম স্টিলের ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টটিকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে এই প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা ০.৭ মিলিয়ন টন, যা পর্যায়ক্রমে ২ মিলিয়ন টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের ডিরেক্টর ললিত বেরিওয়ালা জানিয়েছেন, প্রথম ধাপে ১০ লাখ টন উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে এবং পরবর্তী সম্প্রসারণের জন্য ৫০০ একর জমির আবেদন রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে, ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের কারখানা সম্প্রসারণের জন্য ৬০০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মূলধনী খাতে ব্যয় ধরা হয়েছে ৪৫০ কোটি টাকা এবং বাকি অর্থ গত কয়েক বছরে অধিগৃহীত জমির খরচ বাবদ ব্যয় হয়েছে। এই প্রকল্পের আওতায় ১২ লাখ বর্গফুটের নতুন উৎপাদন পরিকাঠামো যুক্ত করা হবে, যার ফলে ডানকুনি কেন্দ্রটির মোট আয়তন ২০ লাখ বর্গফুটে পৌঁছাবে।

লাক্স ইন্ডাস্ট্রিজের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে এই কেন্দ্রটি এশিয়ার অন্যতম বৃহত্তম পোশাক উৎপাদন কারখানায় রূপান্তরিত হবে। এই বিনিয়োগের ফলে রাজ্যে প্রত্যক্ষভাবে ৩,০০০ এবং পরোক্ষভাবে প্রায় ৬,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলের স্থবিরতা কাটিয়ে রাজ্যে শিল্পায়নের এই নতুন জোয়ার অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%