রায়গঞ্জে ফুটবল খেলা দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিফু আহমেদ আসিফ নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী আঞ্চলিক সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের সন্তান এবং স্থানীয় সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ উপভোগ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন আসিফ। পথিমধ্যে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ফটকের কাছে পৌঁছালে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে হাসপাতালের পথে নিয়তি তাকে কেড়ে নেয় এবং পথিমধ্যেই তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। অকাল এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।