রাজ্যের সব থানায় মহিলা হেল্পডেস্ক ও ৫০০ থানায় সাইবার ডেস্ক চালু, সুরক্ষায় বিশেষ পদক্ষেপ পুলিশের

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাইবার অপরাধের দাপট রুখতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি থানায় বিশেষ হেল্পডেস্ক চালুর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। একই সঙ্গে, জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের সহায়তায় ১১২ নম্বর হেল্পলাইনটি সার্বক্ষণিক চালু রাখা হয়েছে। রাজ্য পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই ‘গোল্ডেন আওয়ার’ বা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ প্রশাসন।
সাইবার অপরাধের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় রাজ্যের ৫০০টি থানায় পৃথক সাইবার হেল্পডেস্কের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। সাইবার জালিয়াতি, আর্থিক তছরূপ কিংবা আপত্তিকর কনটেন্ট সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য ভুক্তভোগীরা এখন থেকে সরাসরি ১৯৩০ নম্বরে কল করতে পারবেন। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সাইবার অপরাধের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাই যত দ্রুত অভিযোগ জানানো সম্ভব হবে, তত দ্রুত অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে সমাধান পাওয়া সহজ হবে। ২৪ ঘণ্টা সচল থাকা এই ডেস্কগুলোতে বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তারা নিয়োজিত থাকবেন।
নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি থানায় নারী হেল্পডেস্কগুলোতেও নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নারী কর্মকর্তাদের। পাশাপাশি, প্রতিটি পৌরসভা এলাকায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ নামে একটি বিশেষ বাহিনী গঠন করা হয়েছে, যারা আধুনিক বাইকে করে নিয়মিত টহলদারি চালাবে। পথেঘাটে নারীদের নিরাপত্তা বিধানই এই স্কোয়াডের মূল লক্ষ্য।
আইন-শৃঙ্খলার সার্বিক পরিকাঠামো উন্নয়নেও সরকার বিশেষ নজর দিয়েছে। এর অংশ হিসেবে বারাসত, বসিরহাট এবং বনগাঁও পুলিশ জেলাকে ১০টি অত্যাধুনিক ট্রুপ ক্যারিয়ার ভেহিকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে ২০টি রিয়েল টাইম অডিও ট্রান্সমিটার সিস্টেম দেওয়া হয়েছে। ভারতের রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়, যেখানে অপরাধ নির্মূলে পুলিশের দ্রুত তৎপরতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
