কালীগঞ্জে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ওপর হামলার অভিযোগ নিষ্ক্রিয়তার নিশানায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ও পচা বেগুন ছোড়ার অভিযোগ উঠেছে। শুক্রবার কালীগঞ্জে দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালীন বিজেপির কর্মী-সমর্থকরা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন বলে দাবি করেছেন এই সাংসদ। ঘটনার সময় তিনি কার্যালয়ের তিনতলায় অবস্থান করছিলেন এবং সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের মাধ্যমে পুরো পরিস্থিতির বিবরণ তুলে ধরেন।
সাংসদের অভিযোগ, বিক্ষোভ চলাকালে বিজেপি সমর্থকরা তাকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম ও পচা বেগুন নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহুয়া মৈত্র। তিনি দাবি করেছেন, রাজ্য পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্তাকে বিষয়টি অবহিত করলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
মহুয়া মৈত্র স্পষ্ট জানিয়েছেন, চারজন গুন্ডার ভয়ে তিনি তার নির্বাচনী এলাকা ছেড়ে কোথাও যাবেন না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার পরিবর্তে পুলিশ তাকে গাড়ি করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে, যা তার কাছে অগ্রহণযোগ্য। নির্বাচিত প্রতিনিধি হিসেবে নিজের এলাকায় অবস্থান করার অধিকার তার রয়েছে বলে তিনি পুনরুক্ত করেন।
তৃণমূলের অনেক নেতা বৈঠকে উপস্থিত থাকলেও ডিম ছোড়ার ঘটনায় তাদের অনেকেই লুকিয়ে পড়েছেন বলে কটাক্ষ করেছেন মহুয়া। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে প্রয়োজনে তিনি ডিম খেতেও প্রস্তুত বলে মন্তব্য করেন। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কিংবা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এই উত্তপ্ত পরিস্থিতিতে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস