হরমুজ ঘিরে সামরিক উত্তেজনা প্রশমনে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

হরমুজ প্রণালীতে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর বৃহত্তর সংঘাত এড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন ও অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, উভয় দেশই আপাতত সরাসরি সামরিক অভিযান বা ‘কাইনেটিক অ্যাক্টিভিটি’ থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সংকট নিরসনে মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই সমঝোতা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি।
মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, উভয় পক্ষ সাময়িকভাবে সংঘর্ষ এড়াতে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নীতিগতভাবে একমত হয়েছে। কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনা অব্যাহত রাখার বিষয়টিও এই সমঝোতার অন্তর্ভুক্ত। ভারতর প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি এবং ইরানের পাল্টা সতর্কবার্তার প্রেক্ষাপটে এই কূটনৈতিক উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
উত্তেজনার সূত্রপাত মূলত ১১ দিন আগে স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক সমঝোতার শর্তাবলীর ব্যাখ্যা নিয়ে মতবিরোধ থেকে। ওই চুক্তি অনুযায়ী, ৬০ দিন আলোচনার মাধ্যমে সংঘাত এড়িয়ে চলার কথা ছিল। তবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার বিনিময়ে ইরানের বন্দর অবরোধ শিথিল করার শর্ত বাস্তবায়নে উভয় পক্ষ জটিলতার মুখে পড়ে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সরাসরি ‘হটলাইন’ স্থাপনের সিদ্ধান্ত হলেও তা কার্যকর না হওয়ায় পরিস্থিতি চরম আকার ধারণ করে।
সাম্প্রতিক সময়ে ওমান উপকূলের কাছে দুটি জাহাজে হামলার ঘটনার পর হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। মার্কিন নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, নিরাপত্তা ঝুঁকি সত্ত্বেও গত ৭২ ঘণ্টায় ৮৯টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে প্রণালী অতিক্রম করেছে। যদিও এই সংখ্যা স্বাভাবিক সময়ের গড় দৈনিক ১৩৮টি জাহাজের তুলনায় বেশ কম।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, দোহা বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল এই অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি অনেকটাই হ্রাস পাবে। তবে ইরানের আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত এবং আলোচনার চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সব মিলিয়ে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এখন আলোচনার টেবিলেই সমাধানের পথ খুঁজছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস