দমদমে সরকারি জমি দখল ও নথি জালিয়াতির অভিযোগে তৃণমূল কাউন্সিলরকে কালি লেপন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস রায়ের বিরুদ্ধে সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে রবিবার ওই কাউন্সিলরকে প্রকাশ্যে কালো কালি মাখিয়েছেন স্থানীয় নারীরা। একই সঙ্গে তার এক সহযোগীকে মারধরের ঘটনাও ঘটেছে, পরবর্তীকালে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় রবিবার সকালে, যখন দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা ওই দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। দমদমের বিধায়ক অরিজিৎ বক্সির ভাষ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরেই কাউন্সিলর ও তার সঙ্গীরা ওই কার্যালয়ের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। বিজেপি কর্মীদের চাপের মুখে কার্যালয়ের দরজা খোলা হলে ভেতরে থাকা একটি আলমারি থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব নথি।
উদ্ধার করা নথিপত্রের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভোটার কার্ড, রেশন কার্ড এবং খাদ্যসাথী প্রকল্পের কার্ড। বিজেপি নেতৃত্বের দাবি, ওই কার্যালয় থেকে ৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০ শতাংশ বাড়ি ও জমির দলিল উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা একটি ডায়েরিতে এলাকাবাসীর কাছ থেকে তোলাবাজির মাধ্যমে আদায় করা টাকার অংকের বিস্তারিত হিসাব ও নাম লেখা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সরকারি জমি জবরদখল করে গড়ে তোলা এই কার্যালয়টি দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছিল। বর্তমানে উদ্ধারকৃত নথিগুলো পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া চলমান। যদিও এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
