ওড়িশার মলকানগিরিতে বিপুল অস্ত্রসহ নকশাল ডাম্প উদ্ধার, নিরাপত্তা জোরদার

ভারতের ওড়িশা রাজ্যের মলকানগিরি জেলায় নকশাল দমনে বড় ধরনের সাফল্য অর্জন করেছে নিরাপত্তা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে জেলা স্বেচ্ছাসেবী বাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই অভিযান নকশালদের লজিস্টিক নেটওয়ার্কে বড় ধরনের ধাক্কা দিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর জঙ্গলঘেরা দুর্গম এলাকায় গোপন আস্তানার সন্ধানে এই অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশির পর মাটির নিচে লুকিয়ে রাখা একাধিক অস্ত্র ভান্ডারের হদিস পান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, আইইডি তৈরির সরঞ্জাম ও নানা ধরণের সামরিক উপকরণ।
প্রাথমিক তদন্তে কর্মকর্তাদের ধারণা, এসব অস্ত্র ও বিস্ফোরক ভবিষ্যতে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। ভারতর নিরাপত্তা বাহিনীর এই সফল অভিযানের পর মলকানগিরি জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। অঞ্চলটি ওড়িশা-ছত্তিশগড় সীমান্তের অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অপরিসীম।
বর্তমানে গোটা এলাকাটি ঘিরে ফেলে ব্যাপক চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, ধারাবাহিকভাবে পরিচালিত এসব অভিযানের ফলে মলকানগিরি ও এর আশপাশের অরণ্যে নকশালদের সাংগঠনিক তৎপরতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। তবে ছোট ছোট বিচ্ছিন্ন গোষ্ঠীগুলো যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
