নারী টি-২০ বিশ্বকাপে দর্শক উপস্থিতিতে নতুন ইতিহাস গড়ল ভারত-পাকিস্তান ম্যাচ

ইংল্যান্ডে চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শক উপস্থিতিতেও নতুন ইতিহাস রচিত হয়েছে। বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি উপভোগ করতে উপস্থিত ছিলেন ১৮,৮১৪ জন দর্শক, যা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতির নতুন রেকর্ড গড়েছে।

বিজ্ঞাপন

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই ঘিরে এজবাস্টনের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। আয়োজকদের তথ্য অনুযায়ী, ডাবল-হেডার ম্যাচের সব টিকিট আগেই নিঃশেষ হয়ে যাওয়ায় মাঠজুড়ে তৈরি হয়েছিল উৎসবের আমেজ। এর আগে ২০২৪ সালের বিশ্বকাপে দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচটি ১৫,৯৩৫ জন দর্শক উপভোগ করেছিলেন। সেই পুরনো রেকর্ড পেছনে ফেলে এজবাস্টনের এই ম্যাচটি বিশ্বমঞ্চে নারী ক্রিকেটের নতুন মাইলফলক স্থাপন করল।

মাঠের পারফরম্যান্সেও ভারতীয় প্রমিলা বাহিনী দর্শকদের প্রত্যাশা পূরণ করেছে। স্মৃতি মন্ধানার ৬৮ রান, ভারতর অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৩৬ এবং ঋচা ঘোষের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত ১৭০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে পাকিস্তান দলের ব্যাটিং লাইনআপ ভারতর স্পিনার দীপ্তি শর্মার ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ১০ রানের বিনিময়ে পাঁচ উইকেট শিকার করে ভারতর ৬৪ রানের জয় নিশ্চিত করেন তিনি।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, গ্যালারিতে এই রেকর্ড উপস্থিতি কেবল ভারত-পাকিস্তান দ্বৈরথের উত্তাপ নয়, বরং বিশ্বজুড়ে নারী ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের জন্য এটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বকাপের শুরুতেই এমন অসামান্য অর্জন নারী ক্রিকেটকে ভবিষ্যতে আরও বড় উচ্চতায় নিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%