AdvertisementAdvertisement

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩, ধ্বংসস্তূপের নিচে আটকা বহু বাসিন্দা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে চালানো এই হামলায় শহরের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে পুরো রাজধানী। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, শেভচেঙ্কভস্কি ও সলোমিয়ানস্কি জেলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেক বাসিন্দা আটকা পড়েছেন।

আহত ১৫ জনের মধ্যে ১৩ ও ১৭ বছর বয়সী দুই কিশোর রয়েছে। তাদের সকলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দারনিতস্কি জেলার গুদামঘরে অগ্নিকাণ্ড এবং হলোসিভস্কি জেলায় ভবনের ওপর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। জরুরি উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে নিরলসভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

গত কয়েক মাস ধরে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে মস্কো এই কৌশল অবলম্বন করছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো পর্যাপ্ত আধুনিক প্রযুক্তির সংকটে বিপর্যস্ত কিয়েভ সরকার মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চেয়ে আসছে।

Advertisement
বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স চেয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রাম্পের মতে, এত উচ্চপ্রযুক্তির হস্তান্তর একটি জটিল বিষয় এবং ভবিষ্যতে এই প্রযুক্তি যেন উল্টো ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে ওয়াশিংটন অত্যন্ত সতর্ক।

উল্লেখ্য যে, চলতি সপ্তাহে ইউক্রেন জুড়ে রাশিয়ার ধারাবাহিক বিমান হামলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার চালানো ভয়াবহ এক হামলায় শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছিলেন। একের পর এক প্রাণঘাতী এই হামলার কারণে পূর্ব ইউরোপের এই দেশটিতে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%