ইসরায়েল নীতি নিয়ে মালয়েশীয় রাষ্ট্রদূতকে তলব যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি প্রত্যাখ্যান কুয়ালালামপুরের

ইসরায়েলের প্রতি মালয়েশিয়ার দীর্ঘদিনের কঠোর নীতি এবং দেশটিতে প্রবেশাধিকার নিষিদ্ধ করার জের ধরে মার্কিন পররাষ্ট্র দপ্তর মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার তথ্য অনুযায়ী, ওয়াশিংটনে নিযুক্ত মালয়েশীয় রাষ্ট্রদূত মুহাম্মদ শারুল ইকরাম ইয়াকুবের কাছে এ বিষয়ে কৈফিয়ত চেয়েছে মার্কিন প্রশাসন।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে জানান, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার নীতিটি নতুন কিছু নয়, বরং এটি কুয়ালালামপুরের দীর্ঘস্থায়ী অবস্থান। তিনি স্পষ্ট করেন যে, মালয়েশিয়ার অভিবাসন নীতি অনুযায়ী ইসরায়েলি পাসপোর্টধারী কোনো ব্যক্তির দেশটিতে প্রবেশের সুযোগ নেই। সম্প্রতি দ্বৈত নাগরিকত্বধারী এক ব্যক্তি মার্কিন পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করলেও, তার ইসরায়েলি নাগরিকত্বের বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি মার্কিন বিনিয়োগকারী বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত ‘নেটওয়ার্ক স্কুল’ নামক একটি ডিজিটাল নোম্যাড কমিউনিটিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ওঠে যে, উক্ত আয়োজনে ইসরায়েলি নাগরিকরা অংশগ্রহণ করেছে। যদিও তদন্তে দেখা গেছে অংশগ্রহণকারীদের ভ্রমণের নথিপত্র বৈধ ছিল, তথাপি গত মঙ্গলবার কর্তৃপক্ষ স্কুলটি বন্ধ করে দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আটজন মার্কিন কংগ্রেসম্যান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দেন। তারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ইসরায়েলি নাগরিকদের শনাক্ত ও বহিষ্কারের পরিকল্পনার তীব্র সমালোচনা করেন।
মার্কিন কংগ্রেসম্যানরা কুয়ালালামপুরের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, ১৫ দিনের মধ্যে যদি এই নীতি পরিবর্তন করা না হয়, তবে মালয়েশিয়ার সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বরাদ্দকৃত আন্তর্জাতিক সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ তহবিলের অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে।
তবে সমস্ত চাপ উপেক্ষা করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরোধিতায় মালয়েশিয়া অটল থাকবে। তিনি দৃঢ়কণ্ঠে উচ্চারণ করেন যে, বাহ্যিক হুমকি বা চাপের মুখে কুয়ালালামপুর তার অবস্থান থেকে সরে আসবে না এবং ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তে অবিচল থাকবে।
তথ্যসূত্র: আল জাজিরা