আফগানিস্তানে ভয়াবহ বন্যায় ২৩ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নুরিস্তানে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৩ জনে দাঁড়িয়েছে। বিধ্বংসী এই প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০০ জনেরও বেশি মানুষ। সোমবার পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা ঢলে অসংখ্য ঘরবাড়ি ধসে পড়ার পর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

সোমবার নুরিস্তানের প্রাদেশিক রাজধানী পারুনসহ বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল ও বন্যার ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। বন্যার তোড়ে ঘরবাড়িগুলো মাটির স্তূপে পরিণত হয়েছে। দুর্যোগের তীব্রতা এতটাই প্রকট যে, অঞ্চলটিতে নতুন করে বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের আওতাধীন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১০টিতেই ভারী বৃষ্টিপাত, বজ্রসহ ঝড় এবং আকস্মিক বন্যার পূর্বাভাস রয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মৌসুমী বায়ুর অস্থিরতা চরম আকার ধারণ করেছে। আফগানিস্তানের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত ও নেপালেও বন্যা ও ভূমিধসের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। গত জুন মাস থেকে নেপালে বন্যা ও বজ্রপাতে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে এবং ভারতেও একই সময়ে অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দীর্ঘদিনের যুদ্ধবিগ্রহ, ভঙ্গুর অবকাঠামো এবং ব্যাপক হারে বন উজাড়ের ফলে আফগানিস্তান এখন চরম প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে দুর্গম অঞ্চলগুলোতে মাটির তৈরি ঘরবাড়ি প্রবল বর্ষণ ও আকস্মিক ঢল সামাল দেওয়ার সক্ষমতা রাখে না। চলতি বছরের বসন্তকালেও দেশটিতে আকস্মিক বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যা দেশটির ভঙ্গুর পরিস্থিতিকে আরও প্রকট করে তুলেছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%