মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা অব্যাহত পাঁচ দেশে উত্তেজনা তীব্র

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার জবাবে বাহরাইন, কাতার, ওমান, জর্ডান এবং সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। গত ২২ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত শান্তি আলোচনার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, গত ছয় রাত ধরে চলা মার্কিন হামলায় এ পর্যন্ত ৩৮ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে গত রাতের অভিযানেই অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৪০ মিনিটে তারা ইরানের ওপর সর্বশেষ বড় আকারের বিমান হামলা সম্পন্ন করেছে। যদিও মার্কিন বাহিনী হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানায়নি, তবে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে যে মার্কিন বাহিনী দেশটির অন্তত ৬টি সেতু ও একটি রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হেনেছে। এতে বন্দর আব্বাসসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিশোধের অংশ হিসেবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী শুক্রবার ত্রয়োদশ দফার পাল্টা হামলা চালানোর দাবি করেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোহা অভিমুখে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে, তবে ধ্বংসাবশেষ পড়ে এক শিশু আহত হয়েছে। ওমানের ঘানিম অঞ্চলে একটি মার্কিন এয়ার কন্ট্রোল রাডার ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। এছাড়া হরমুজ প্রণালীতে একটি ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস।
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোঁড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিশেষ অপারেশন কমান্ড সেন্টারেও হামলার কথা জানিয়েছে আইআরজিসি। ইরান দাবি করেছে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের মিসাইল ডিফেন্স রাডার, অস্ত্রাগার ও দুটি হাইমার্স লঞ্চার ধ্বংস করা হয়েছে।
ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি হুশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। তিনি এ অঞ্চলের অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এক পডকাস্ট সাক্ষাৎকারে দাবি করেছেন, ইসরায়েলি সরকারের ভেতরের কিছু মহল মার্কিন-ইরান শান্তি আলোচনা ভণ্ডুল করার চেষ্টা চালাচ্ছে, যাতে সামরিক অভিযান অব্যাহত থাকে।
তথ্যসূত্র: আল জাজিরা