ইরাক সীমান্ত দিয়ে পাচারের সময় সিরিয়ায় বিপুল অস্ত্রের চালান জব্দ

সিরিয়ার ইরাক সীমান্ত দিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উদ্দেশ্যে পাচার হওয়া বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের একটি চালান আটক করেছে দামেস্ক। সিরিয়ার জেনারেল অথরিটি অব পোর্টস অ্যান্ড কাস্টমস জানিয়েছে, আল-তানফ সীমান্ত অতিক্রম করার সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়। চালানটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন ছিল বলে সরকারি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, কাস্টমস কর্মকর্তাদের নিয়মিত তল্লাশির সময় সন্দেহজনক ওই ট্যাঙ্কারটি আটক করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অস্ত্রগুলো সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে লেবাননে হিজবুল্লাহর কাছে পৌঁছানোর পরিকল্পনা ছিল। বর্তমান সিরীয় সরকারের কঠোর নজরদারির মুখে এ ধরনের চোরাচালান প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।

তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। লেবাননের এই গোষ্ঠীটি এক বিবৃতিতে দাবি করেছে, এটি একটি ভিত্তিহীন এবং বানোয়াট বয়ান, যার লক্ষ্য তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। তাদের দাবি অনুযায়ী, সিরিয়ার অভ্যন্তরে তাদের কোনো কার্যক্রম নেই।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারাার সরকার ক্ষমতায় আসার পর থেকে অস্ত্র ও অর্থের অবৈধ লেনদেনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অতীতে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ইরান থেকে ইরাক ও সিরিয়া হয়ে লেবানন পর্যন্ত যে নিরাপদ স্থলপথ ব্যবহার করত, নতুন সরকারের কঠোরতায় তা এখন বাধাগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সিরিয়ার ভূখণ্ডকে কোনোভাবেই প্রতিবেশী দেশের বিরুদ্ধে অস্ত্র পাচার বা সামরিক কর্মকাণ্ডের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দামেস্ক।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাার সঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা করেছিলেন। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, সিরিয়া লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে কোনো পক্ষ নেবে না এবং হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপে জড়াবে না বলে আশ্বস্ত করেছেন সিরীয় প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%