ব্যাংককে পাবের অগ্নিকাণ্ডে নিহত ২৭, আহত ৬৩

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলে একটি জনপ্রিয় পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনুঠিন চার্নভিরাকুল এ মর্মান্তিক প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আনুঠিন চার্নভিরাকুল গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের পরপরই দুর্ঘটনাস্থল থেকে ২৭ জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী এক সংগীতশিল্পী জানিয়েছেন, মঞ্চের কাছে থাকা একটি সার্কিট ব্রেকার থেকে ধোঁয়া নির্গত হতে দেখেন তিনি। এর পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় পুরো পানশালাটি আচ্ছন্ন হয়ে পড়ে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আগুনের তীব্রতায় দিকবিদিক ছুটতে গিয়ে অনেক ভুক্তভোগী পানশালার পেছনের দিকের শৌচাগারে আটকা পড়েন। অগ্নিনির্বাপক বাহিনী প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনাস্থলের প্রকাশিত ছবিতে দেখা যায়, পানশালার আসবাবপত্র ও ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং বৈদ্যুতিক গোলযোগের কোনো ত্রুটি ছিল কি না, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%