ইন্দোনেশিয়ায় দুর্নীতির অভিযোগে বিশেষ সরকারি কৌঁসুলির পদত্যাগ ৭৪ কেজি স্বর্ণ ও ২০ মিলিয়ন ডলার উদ্ধার

ইন্দোনেশিয়ার বিশেষ অপরাধ দমন শাখার প্রধান কৌঁসুলি ফেবরি আদ্রিয়ানসাহ তার পদ থেকে পদত্যাগ করেছেন। তার বাসভবনসহ অন্তত ১২টি স্থানে পুলিশের ধারাবাহিক অভিযানের পর বিপুল পরিমাণ অবৈধ সম্পদ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে রাষ্ট্রীয় কৌঁসুলির কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ৮ ও ৯ জুলাই জাকার্তা, দক্ষিণ তনগেরাং এবং বোগোরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭৪ কেজি স্বর্ণের বার এবং বিভিন্ন দেশের মুদ্রায় ২০ মিলিয়ন ডলার সমমূল্যের নগদ অর্থ জব্দ করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের দাবি, জব্দকৃত এসব সম্পদের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে বোগোরে অবস্থিত ফেবরি আদ্রিয়ানসাহের ব্যক্তিগত বাসভবন থেকে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দেশজুড়ে সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাটের পেছনে সরকারি কর্মকর্তাদের সাথে কয়লা খনি প্রতিষ্ঠানের যোগসাজশ এবং নিম্নমানের কয়লা সরবরাহের গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠান আসাবরি এবং বিলুপ্ত জীবন বীমা সংস্থা জিওয়াসরায়ার বিশাল আর্থিক জালিয়াতির মামলার সাথেও এই অভিযানের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৫৮ বছর বয়সী ফেবরি আদ্রিয়ানসাহ ২০২২ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বকালে তিনি জাতীয় পুষ্টি সংস্থার বিতর্কিত স্কুল খাবার কর্মসূচি, সাবেক বাণিজ্যমন্ত্রী থমাস লেম্বোংয়ের বিরুদ্ধে দুর্নীতি মামলা এবং রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পার্তামিনার অবৈধ জ্বালানি আমদানি সংক্রান্ত স্পর্শকাতর বিষয়গুলো তদারকি করেছেন। পদত্যাগের আগে সাংবাদিকদের কাছে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় কেন তাকে তদন্তের আওতায় আনা হয়েছে তা তার বোধগম্য নয়।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%