তাইওয়ানকে ড্রোন সক্ষমতায় শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন মার্কিন প্রতিনিধি রেয়মন্ড গ্রিন

তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিতকরণে ড্রোনের ব্যবহারকে ‘গেম চেঞ্জার’ বা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সুযোগ হিসেবে অভিহিত করেছেন দ্বীপটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো রাষ্ট্রদূত রেমন্ড গ্রিন। চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে তাইওয়ানকে একটি দুর্ভেদ্য ‘হর্নেট নেস্ট’ বা মৌমাছির চাকের মতো ড্রোন নেটওয়ার্কে রূপান্তরিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার তাইচং শহরে আয়োজিত এক ড্রোন বিষয়ক ফোরামে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র ও অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বরাবরই তাইপের প্রতিরক্ষা আধুনিকায়ন ও সামরিক বাজেট বৃদ্ধিতে জোরালো সমর্থন দিয়ে আসছে। রেমন্ড গ্রিন জানান, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে যে, প্রতিকূল পরিস্থিতিতেও ড্রোন ব্যবহার করে বিশাল সামরিক শক্তির মোকাবিলায় ডিফেন্ডার বা রক্ষকরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। আকাশ, জলতল ও জলপৃষ্ঠের সম্মিলিত ড্রোন প্রযুক্তির মাধ্যমে তাইওয়ানকে সুসজ্জিত করতে পারলে তা যেকোনো সংঘাত নিরসনে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করবে।

ভূ-রাজনৈতিক অস্থিরতা ও আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তনের প্রেক্ষাপটে অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক সামরিক সক্ষমতা অর্জনকে ‘সময়ের সাথে দৌড়’ বলে উল্লেখ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে। বেইজিংয়ের সার্বভৌমত্ব দাবির বিপরীতে দাঁড়িয়ে তিনি গণতান্ত্রিক উপায়ে দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেছেন। লাই প্রশাসনের লক্ষ্য বাস্তবায়নে নতুন করে ২১০ বিলিয়ন তাইওয়ানি ডলারের একটি প্যাকেজ প্রস্তাব করা হয়েছে, যা ২০৩১ সাল পর্যন্ত নজরদারি ও উপকূলীয় হামলার জন্য ছোট আকৃতির চালকবিহীন ড্রোন ক্রয়ে ব্যয় করা হবে।

তবে সামরিক বাজেট বরাদ্দ নিয়ে তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতিতে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির প্রস্তাবিত বিশেষ বাজেটের বিপরীতে বিরোধী দল কুওমিনতাং (কেএমটি) ছয় বছরে ২৪০ বিলিয়ন তাইওয়ানি ডলারের নিজস্ব একটি আইনি প্রস্তাব উত্থাপন করেছে, যেখানে বার্ষিক ব্যয়ের সীমা ৪০ বিলিয়ন তাইওয়ানি ডলার নির্ধারণের কথা বলা হয়েছে। এদিকে, ওয়াশিংটন ও তেল আবিবের যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহে সৃষ্ট অনিশ্চয়তা ও সরবরাহ চেইনের চাপ তাইওয়ানের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%