বিশ্বকাপের নকআউট লড়াইয়ে মাঠে ব্রাজিল জার্মানি ও নেদারল্যান্ডস কানাডার ঐতিহাসিক জয় উদযাপন

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা এখন তুঙ্গে। সোমবার রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে মাঠে নামছে ফুটবল বিশ্বের পরাশক্তি ব্রাজিল, জার্মানি ও নেদারল্যান্ডস। কানাডা যেখানে নিজেদের ইতিহাসের প্রথম নকআউট জয়ের অনন্য মাইলফলক স্পর্শ করে উদযাপনে মত্ত, সেখানে অন্য দলগুলোর লক্ষ্য এখন শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা।

বিজ্ঞাপন

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আজ মুখোমুখি হবে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা জাপানের। ২০১৪ সালের শিরোপা জয়ের পর থেকে গ্রুপ পর্বের বাধা পার হতে ব্যর্থ জার্মানি লড়বে প্যারাগুয়ের বিপক্ষে। এছাড়া দিনের শেষ ম্যাচে ডাচ বাহিনীর প্রতিপক্ষ মরক্কো।

পরিসংখ্যান অনুযায়ী, জাপানের বিপক্ষে ১৪ লড়াইয়ের ১১টিতেই জয়ী ব্রাজিল। তবে গত অক্টোবরে টোকিওতে দুই গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও জাপানের ৩-২ গোলের ঐতিহাসিক জয় এই ম্যাচে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে। ‘অপটা’ সুপার কম্পিউটারের পূর্বাভাস বলছে, জয়ের জন্য ৫৭.৩ শতাংশ ফেবারিট ব্রাজিল, যেখানে জাপানের সম্ভাবনা ১৯.৭ শতাংশ।

জার্মানি ও প্যারাগুয়ের লড়াইটি স্মরণ করিয়ে দিচ্ছে ২০০২ বিশ্বকাপের স্মৃতি। অপটা সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, জার্মানির জয়ের সম্ভাবনা ৫৪.৭ শতাংশ, বিপরীতে প্যারাগুয়ের ক্ষেত্রে এই হার ২৩.১ শতাংশ। এছাড়া টুর্নামেন্টে নিজেদের আধিপত্য ধরে রাখা জার্মানির শেষ ষোলোয় পৌঁছানোর সম্ভাবনা ৭৮.৬ শতাংশ বলে জানাচ্ছে এই গাণিতিক মডেল।

বিজ্ঞাপন

এদিকে, নেদারল্যান্ডস ও মরক্কোর লড়াইটি হতে যাচ্ছে দুই দলের দ্বিতীয় বিশ্বকাপ মুখোমুখি সাক্ষাৎ। বিশ্বকাপের মঞ্চে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে অজেয় নেদারল্যান্ডস এবার নকআউটের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। রনাল্ড কোম্যানের শিষ্যদের জয়ের সম্ভাবনা ৪৭.৬ শতাংশ, অন্যদিকে মরক্কোর সম্ভাবনা ২৫.০ শতাংশ।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের ইতিহাস গড়েছে কানাডা। স্টিফেন ইউস্তাকিওর শেষ মুহূর্তের গোল কানাডীয় ফুটবলে নতুন প্রাণের সঞ্চার করেছে। কোচ জেসি মার্শ তার দলকে ‘কানাডীয় বীর’ আখ্যা দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

ইরানের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে চরম নাটকীয়তায়। ভিএআর সিদ্ধান্তের গ্যাঁড়াকলে পড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এমন বিদায়ে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে ইরানি সমর্থকদের মাঝে। প্রধান কোচ আমির ঘালেনোয়ে দলটির দুর্ভাগ্যকে ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেছেন।

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ুং-বো তার দলের গ্রুপ পর্ব থেকে বিদায়ের দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন। ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং দেশটির ফুটবল ফেডারেশনের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। দলীয় কোন্দল ও অযোগ্য নেতৃত্বের অভিযোগ তুলে তিনি বলেন, অদক্ষ ব্যক্তিকে নেতৃত্বে বসালে এমন পরিণতিই অনিবার্য।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%